রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে কোরবানি হাট কাঁপাতে প্রস্তুত ‘রংবাজ’

মোঃ আব্দুর রাজ্জাক

মে ১০, ২০২৬, ০৮:১৬ পিএম

দিনাজপুরে কোরবানি হাট কাঁপাতে প্রস্তুত ‘রংবাজ’

ছবি-দিনাজপুর টিভি

চলতি মাসের শেষদিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আযহা। এই উপলক্ষে দিনাজপুরে এবার কোরবানি হাট কাঁপাতে প্রস্তুত ‘রংবাজ’ নামে প্রায় ২৫ মণ ওজনের একটি বিশাল ষাঁড়। ৯ লাখ টাকা মূল্যের এই ষাঁড়টি দেখতে এবং কেনার আশায় প্রতিদিন বিরল উপজেলার ইসলাম এগ্রো খামারে ভিড় জমাচ্ছেন অনেক মানুষ।

বিরল উপজেলার ১২ নং রাজারামপুর ইউনিয়নের ছেতরাবাজারে ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয় ইসলাম এগ্রো খামার। খামারের তত্ত্বাবধায়ক মো. মইনুল ইসলাম গত প্রায় ৫ বছর ধরে সন্তানের মতো এই ষাঁড়টিকে লালন-পালন করে বড় করেছেন। 

ভালোবেসে নাম রেখেছেন ‘রংবাজ’। নামে রংবাজ হলেও আচরণে ষাঁড়টি অত্যন্ত শান্ত প্রকৃতির। আসন্ন কোরবানি ঈদে এই বিশাল দেহী ষাঁড়টিকে বিক্রি করার পরিকল্পনা করছেন খামারি।

খামারের তত্ত্বাবধায়ক মো. মইনুল ইসলাম জানান, মাত্র ২টি গরু দিয়ে মেসার্স ইসলাম এগ্রো ফার্মের যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে তার খামারে ২২টি গরু রয়েছে। তবে সাদা-কালো রঙের ব্রাহমা ক্রস জাতের ‘রংবাজ’ এখন সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রায় ২৫ মণ ওজনের এই ষাঁড়টির দাম ধরা হয়েছে ৯ লাখ টাকা। আগ্রহী ক্রেতা ও ব্যবসায়ীরা প্রতিদিন খামারে এসে দরদাম করছেন। মইনুল ইসলাম আশা করছেন, খামার থেকেই আলোচনা সাপেক্ষে গরুটিকে ভালো দামে বিক্রি করতে পারবেন।

রংবাজের খাদ্য তালিকার বিষয়ে মইনুল ইসলাম দাবি করেন, গরুটিকে কোনো বিষাক্ত বা কৃত্রিম খাবার দেওয়া হয়নি। সবসময় খৈল, ভেজানো ছোলা, গমের ভুষি, ভুট্টা ও সবুজ ঘাসসহ বিভিন্ন পুষ্টিকর খাবার খাওয়ানো হয়। প্রতিদিন রংবাজের খাবারের পেছনে প্রায় ১ হাজার টাকা খরচ হয়। এছাড়া উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তার নিয়মিত নজরদারিতে থাকার কারণে রংবাজের শরীরে কোনো রোগবালাই বা ক্ষতচিহ্ন নেই।

রংবাজের পরিচর্যাকারী হামিদুর রহমান জানান, সঠিক পরিচর্যা ও খাদ্যের কারণে দিন দিন ষাঁড়টির ওজন ও আকৃতি বাড়ছে। শান্ত স্বভাবের হওয়ায় যেকোনো ক্রেতা অনায়াসেই এটিকে খামার থেকে নিয়ে যেতে পারবেন।

বিরল উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ইসরাফিল হোসেন বলেন, “রংবাজ বর্তমানে উপজেলার সবচেয়ে বড় গরুর তালিকায় রয়েছে। ব্রাহমা ক্রস জাতের এই বিশাল গরু লালন-পালন করা অত্যন্ত কষ্টকর ও ব্যয়বহুল। আমরা নিয়মিত খামারিকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছি। সুঠাম ও সুমসৃণ দেহের এই ষাঁড়টি দ্রুতই বিক্রি হবে বলে আমরা আশাবাদী।”আগ্রহী ক্রেতারা বিস্তারিত জানতে খামারি মইনুল ইসলামের সঙ্গে ০১৭১২৫৭৬০৯৯ নম্বরে যোগাযোগ করতে পারবেন।