মে ২৩, ২০২৬, ০৭:০১ পিএম
দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার শিবরামপুর ইউনিয়নের দেউলী মুন্সিপাড়া সংলগ্ন একটি গ্রামীণ সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মোছাঃ মোরসালিনা, যার বয়স আনুমানিক আট বছর এবং সে শিবরামপুর ইউনিয়নের সাহাডুবি গাইনপাড়া গ্রামের মোঃ মমিনুরের মেয়ে।
সে নিজের বাইসাইকেলে চড়ে গ্রামীণ পথ ধরে বাড়ি ফিরছিল।পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে মোরসালিনা সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা বীরগঞ্জগামী একটি দ্রুতগতির ট্রাক্টর তার সাইকেলটিতে সজোরে ধাক্কা দেয়।
এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই সে গুরুতর জখম ও রক্তাক্ত আহত হয়। আশেপাশের লোকজন ছুটে এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর চালক ঘাতক ট্রাক্টরটি নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শিশুর মরদেহটি বর্তমানে হাসপাতাল হেফাজতে রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। গ্রামীণ সড়কে বেপরোয়া যান চলাচল বন্ধে স্থানীয়রা দাবি জানিয়েছেন এবং এই ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন