মে ২৯, ২০২৬, ০৫:৩১ পিএম
এনামুল মবিন সবুজ, প্রতিনিধি চিরিরবন্দর, দিনাজপুর।
বর্ণিল আয়োজনে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার তিন নম্বর ফতেজংপুর ইউনিয়নের হাসিমপুর মোল্লা পাড়া উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে ফিরে গেলেন প্রাক্তন শিক্ষার্থীরা। বন্ধু কী খবর বল, দীর্ঘ বছর পর বাল্যকালের বন্ধুর সঙ্গে দেখা হতেই এভাবে কুশল বিনিময় শুরু হয়। চলে আলাপচারিতা আর পারিবারিক ও কর্মস্থলের গল্প। কেউ কেউ ফিরে যান বিদ্যালয়জীবনের মজার স্মৃতির কথায়।
নতুন-পুরোনো শিক্ষার্থীদের এমন আড্ডায় জমজমাট হয়ে উঠেছিল হাসিমপুর মোল্লা পাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ। ঈদুল ফিতরের একদিন পর ২৯ মে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী। এতে ১৯৬৬ থেকে ২০২৬ দলের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।
বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রথমে অভ্যর্থনা, এরপর সকাল সাড়ে আটটায় বেলুন উড়িয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করা হয়। পরে আনন্দ শোভাযাত্রা শেষ করে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে মূল অনুষ্ঠানের যাত্রা শুরু হয়।
পুনর্মিলনী অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের ফাঁকে ফাঁকে আড্ডায় মেতে ওঠেন শিক্ষার্থীরা। দ্বিতীয় পর্বে প্রাক্তন শিক্ষার্থীদের পরিচয় ও স্মৃতিচারণ অনুষ্ঠানে বিভিন্ন বছরের শিক্ষার্থীরা তাঁদের অনুভূতি প্রকাশ করেন। গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন যেসব শিক্ষক আলোকিত করেছেন হাসিমপুর মোল্লা পাড়া উচ্চ বিদ্যালয় স্কুলকে।
প্রসঙ্গত, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার তিন নম্বর ফতেজংপুর ইউনিয়নের বড় হাসিমপুর গ্রামে হাসিমপুর মোল্লা পাড়া উচ্চ বিদ্যালয়টির যাত্রা শুরু হয় ১৯৬৬ সালে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন