জুন ৮, ২০২৬, ০৪:৪০ পিএম
দিনাজপুরে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নত সেবা নিশ্চিতে ওয়ান-স্টপ সলিউশন সেন্টার স্থাপনের সম্ভাবনা নিয়ে দিনব্যাপী একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কারিতাস বাংলাদেশ, দিনাজপুর অঞ্চলের আয়োজনে কারিতাস মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
কারিতাস অঞ্চলের আঞ্চলিক পরিচালক রবির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মুবিন হোসেন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মেহেদী হাসান।
কারিতাস দিনাজপুর অঞ্চলের জুনিয়র প্রকল্প কর্মকর্তা বিনয় কুজুরের সঞ্চালনায় প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরেন প্রজেক্ট একাউন্টেন্ট বিশাল গাঙ্গুলি। মতবিনিময় সভায় বিভিন্ন প্রতিবন্ধী ও প্রবীণ উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল মতিন বলেন, ওয়ান-স্টপ সলিউশন সেন্টার স্থাপনের বিষয়টি কেবল সম্ভাবনা নয়, এটি বাস্তবায়ন করতে হবে। প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য সরকারের চলমান ৩১টি কর্মসূচি সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবার কার্ড প্রাপ্তিতে স্বচ্ছতা বজায় রাখতে সমাজসেবা বিভাগ প্রতিশ্রুতিবদ্ধ।
আঞ্চলিক পরিচালক রবি বলেন, ওয়ান-স্টপ সলিউশন সেন্টার এমন একটি কেন্দ্র, যেখানে একজন ব্যক্তি তার প্রয়োজনীয় সেবা, তথ্য ও সহায়তা এক জায়গা থেকেই দ্রুত পেতে পারেন। এক কথায় এটি হলো সব সেবার একটি দুয়ার।উক্ত সভায় বিভিন্ন প্রতিবন্ধী ও প্রবীণ প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন