রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

খুরশীদ জাহান হকের ২০তম মৃত্যুবার্ষিকীতে দিনাজপুরে দোয়া মাহফিল

মো: মামুনুর রশিদ

জুন ১৪, ২০২৬, ০৫:২৩ পিএম

খুরশীদ জাহান হকের ২০তম মৃত্যুবার্ষিকীতে দিনাজপুরে দোয়া মাহফিল

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বোন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের ২০তম মৃত্যুবার্ষিকী অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে পালিত হয়েছে। আজ ১৪ জুন ২০২৬ তারিখ দিনাজপুর শহরের পুলহাট কসবাস্থ আলামিয়া মাদ্রাসা ও এতিমখানার যৌথ আয়োজনে এই উপলক্ষে এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

ধর্মীয় ও স্মরণসভার এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আইনজীবী মোফাজ্জল হোসেন দুলাল।দিনাজপুরের এই প্রয়াত নেত্রীকে স্থানীয় রাজনীতিতে ও সাধারণ মানুষের মাঝে ‘চকলেট আপা’ হিসেবে ডাকা হতো।

আলামিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি সহিদুর রহমান পাটোয়ারী মোহনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভাটি পরিচালনা করেন জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ মো. মাহবুব আহমেদ। বিশেষ অতিথি হিসেবে স্মরণসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, দপ্তর সম্পাদক আকতারুজ্জামান আখতার, প্রচার সম্পাদক বাবু চৌধুরী এবং সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা জনি। এছাড়া কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূর নবী এবং মাদ্রাসার সহ-সভাপতি ও চট্টগ্রামের বিশিষ্ট জাহাজ ব্যবসায়ী আলহাজ মো. আহসান হাবীবসহ স্থানীয় গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্মরণসভার সংক্ষিপ্ত আলোচনা শেষে মরহুমা খুরশীদ জাহান হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর পরিবারের সকল সদস্যের সুস্থতা ও দীর্ঘায়ু প্রার্থনা করা হয়। মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই বিশেষ দোয়া ও মোনাজাতটি পরিচালনা করেন আলামিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান মোহতামিম মাওলানা মো. নূর আলম।