জুন ১৫, ২০২৬, ০৪:১৫ পিএম
দিনাজপুর শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দুই দিনব্যাপী শহর সমাজসেবা কার্যক্রম ব্যবস্থাপনায় দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সোমবার শহরের সমাজসেবা কমপ্লেক্স ভবনের কনফারেন্স রুমে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। শহর সমাজসেবা কার্যালয়ের অফিসার মো: মাইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: আব্দুল মতিন।
প্রশিক্ষণে দপ্তরের বিভিন্ন স্তরের কর্মীরা অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী দিনে দক্ষতা উন্নয়নের বিভিন্ন মডেল, প্রশিক্ষণ কেন্দ্রের পরিচিতি এবং প্রশাসনিক ও আর্থিক সমন্বয় বিষয়ে সেশন পরিচালনা করেন উপ-পরিচালক আব্দুল মতিন। প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মীদের সামনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: রিয়াজ উদ্দিন সরকারি কর্মচারীদের নিয়মিত উপস্থিতির গুরুত্ব এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান সচিবালয়ের নির্দেশনাবলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এছাড়া কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নুর নবী সরকারি ঋণের অর্থ আদায়ে আইনি প্রক্রিয়া এবং সহকারী পরিচালক মো: রকুনুজ্জামান মন্ডল জিপিএফ, ছুটি ও পেনশনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। আর্থিক কোড পরিচিতি, চাহিদা প্রস্তাব এবং এতিমখানার গ্র্যান্ট ব্যবস্থাপনা নিয়েও পৃথক সেশন অনুষ্ঠিত হয়। শেষ দিনে আরবান কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ব্যবস্থাপনা বিষয়ে আলোচনার মাধ্যমে এই প্রশিক্ষণ সম্পন্ন হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন