রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা খুরশিদ জাহান হকের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত

জিন্নাত হোসেন

জুন ১৫, ২০২৬, ০৪:৩৩ পিএম

জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা খুরশিদ জাহান হকের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত

ছবি-দিনাজপুর টিভি

জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং সাবেক মন্ত্রী খুরশিদ জাহান হকের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং সমাজসেবায় অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়।স্মরণসভায় ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মকর্তা ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।বক্তারা বলেন, খুরশিদ জাহান হক তার কাজের মাধ্যমে এই অঞ্চলের মানুষের হৃদরোগ চিকিৎসার দুয়ার উন্মোচন করে গেছেন, যা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। 

জিয়া হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনি আর্তমানবতার সেবায় যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা অনন্য। সভায় ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবিরসহ কার্যনির্বাহী কমিটির সদস্য এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা তার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন।

দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তারসহ জিয়া হার্ট ফাউন্ডেশনের আওতাধীন অন্যান্য প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা স্মরণসভায় উপস্থিত ছিলেন। জিয়া হার্ট ফাউন্ডেশন এবং এর অঙ্গপ্রতিষ্ঠানগুলোর যৌথ উদ্যোগে আয়োজিত এই স্মরণসভা সঞ্চালনা করেন খুরশিদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হসপিটালের সদস্য মো. আকতারুজ্জামান আকতার।