রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দলিত জনগোষ্ঠীকে উন্নয়নে আনতে জিও-এনজিওকে মিলতে হবে

মো: মামুনুর রশিদ

জুন ২০, ২০২৬, ০৩:০৬ পিএম

দলিত জনগোষ্ঠীকে উন্নয়নে আনতে জিও-এনজিওকে মিলতে হবে

ছবি-দিনাজপুর টিভি

জাতিগত বৈষম্য দূরীকরণের মাধ্যমে দেশের দলিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে হবে। এই লক্ষ্য বাস্তবায়নে সরকারি ও বেসরকারি সংস্থাকে একসঙ্গে মিলে কাজ করার আহ্বান জানিয়েছেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পাল। সদর উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এক বিশেষ সমন্বয় সভায় প্রধান অভিন্থির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

দলিত সম্প্রদায়ের অনগ্রসর অবস্থার স্থায়ী পরিবর্তন ঘটাতে হলে তাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।ইউএনও তমালিকা পাল তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, বাংলাদেশের সংবিধান কোনো ধরনের জাতিগত বৈষম্য সমর্থন করে না। তাই দলিত জনগোষ্ঠীর নিজেদের ভাগ্য ও জীবনযাত্রার মান উন্নয়নে তাদের নিজেদেরই সবার আগে এগিয়ে আসতে হবে। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর সামগ্রিক অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নের যেকোনো প্রয়াসে স্থানীয় প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থা এই সেবা দানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভার আয়োজন করে। মানুষের জন্য ফাউন্ডেশন ও ক্রিশ্চিয়ান এইডের সহযোগিতায় দলিত ইয়ুথ ফর ডিগনিটি প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়। সংস্থার নির্বাহী পরিচালক মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার মো. বোরহান উদ্দিন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান বক্তব্য রাখেন। 

এছাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আজম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ আলোচনায় অংশ নেন।সভায় দলিত সম্প্রদায়ের প্রতিনিধি ও সংস্থার কর্মকর্তারা তাদের বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। বিশেষ করে বিকল্প জীবিকার সুযোগের অভাব এবং সামাজিকভাবে পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত না হওয়ার বিষয়গুলো নিয়ে প্রশাসনের কর্মকর্তাদের সুনির্দিষ্ট হস্তক্ষেপ কামনা করা হয়।