জুন ২১, ২০২৬, ০২:৫১ পিএম
দিনাজপুরের বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় আলু চাষি ও ব্যবসায়ীরা। রোববার দুপুর ১২টায় বীরগঞ্জ উপজেলা গেটের সামনে আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই প্রতিবাদ সভায় বিভিন্ন এলাকার সাধারণ কৃষকেরা অংশ নেন।কৃষকদের স্বার্থ রক্ষায় হিমাগারের ভাড়া কেজিপ্রতি সর্বোচ্চ ৫ টাকা নির্ধারণের দাবি জানানো হয়।
আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডির বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মানিক বর্মার সভাপতিত্বে মানববন্ধনে বেশ কয়েকজন কৃষক প্রতিনিধি বক্তব্য দেন। তাঁদের মধ্যে সংগঠনের সদস্য আব্দুল্লাহ আল কাওসার, সাতোর ইউনিয়নের কৃষক রেজাউল ইসলাম এবং মোহাম্মদপুর ইউনিয়নের জিয়াউর রহমান নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি অস্বাভাবিক বৃদ্ধির কারণে এমনিতেই আলু উৎপাদনে খরচ অনেক বেড়ে গেছে।
এই বাড়তি উৎপাদন খরচের ওপর কোল্ড স্টোরেজের অতিরিক্ত ভাড়া সাধারণ কৃষকদের জন্য বড় ধরনের দুর্ভোগ সৃষ্টি করছে। বর্তমানে হিমাগারগুলোতে আলু সংরক্ষণের জন্য যে পরিমাণ টাকা নেওয়া হচ্ছে তা সাধারণ চাষিদের সামর্থ্যের সম্পূর্ণ বাইরে চলে গেছে। অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নিলে কৃষকেরা আলুর ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবেন যা ভবিষ্যতে চাষাবাদে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে।
সময়মতো ভাড়ার হার পুনর্নির্ধারণ করা না হলে এই অঞ্চলের সাধারণ চাষিরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়বেন বলে বক্তারা আশঙ্কা প্রকাশ করেন। মানববন্ধন কর্মসূচি শেষ করার পর আন্দোলনকারী চাষি ও ব্যবসায়ীরা বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন