জুন ২৩, ২০২৬, ০৫:৫৯ পিএম
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ এবং তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ‘আমরা জুলাই যোদ্ধা’ দিনাজপুর জেলা শাখা।মঙ্গলবার (২৩ জুন ২০২৬) সকাল ১০টায় দিনাজপুর পৌরসভার সামনে আয়োজিত কর্মসূচিতে সংগঠনের জেলা শাখার আহ্বায়ক মো. শাহীন হোসেন ও সদস্য সচিব মো. মাসুম হোসেনের নেতৃত্বে বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ সদস্যরা অংশগ্রহণ করেন।
পরে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে বক্তারা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।
এ সময় সংগঠনের আহ্বায়ক মো. শাহীন হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্র-জনতার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখতে হবে। তিনি দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও জনস্বার্থ ও গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন