বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করলেন ড্যাব মহাসচিব

মো: মামুনুর রশিদ

জুন ৩০, ২০২৬, ০৪:১০ পিএম

জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করলেন ড্যাব মহাসচিব

ছবি-দিনাজপুর টিভি

হৃদরোগ চিকিৎসায় আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট পরিদর্শন করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ড্যাব-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় তিনি হাসপাতালে এসে পৌঁছালে প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, ডা. জিয়াউল হক জিয়া এবং ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুধারঞ্জন রায়সহ অন্যান্য কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান।

এই গুরুত্বপূর্ণ পরিদর্শনের সময় ডা. জহিরুল ইসলাম শাকিল হাসপাতালের বিদ্যমান চিকিৎসা অবকাঠামোর সার্বিক সক্ষমতা পর্যবেক্ষণ করেন।পরিদর্শনকালে তিনি হাসপাতালের সিসিইউ, আইসিইউ এবং অপারেশন থিয়েটারসহ গুরুত্বপূর্ণ সব বিভাগ ঘুরে দেখেন। রোগীদের জন্য প্রদত্ত চিকিৎসাসেবা, আধুনিক চিকিৎসা-সুবিধা, সেবার মান এবং প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে তিনি বিস্তারিত খোঁজখবর নেন। ডা. জহিরুল ইসলাম শাকিল বলেন, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট হৃদরোগ চিকিৎসায় একটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। 

আধুনিক চিকিৎসা প্রযুক্তির পাশাপাশি রোগীদের প্রতি আন্তরিকতা, মানবিকতা এবং দায়িত্বশীল সেবার মনোভাব বজায় রেখে কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত জরুরি। চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।তিনি আরও বলেন, মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের বিশেষায়িত প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

দক্ষতা, স্বচ্ছতা ও সেবার মান অটুট রাখার মাধ্যমে জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে বলে তিনি মন্তব্য করেন। পরিদর্শনকালে অন্যদের মধ্যে দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. শেখ সাদেক আলী, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ডা. এফ এম মোস্তফা সরকারসহ ড্যাবের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।