মাহাবুবুল হক খান
জুলাই ৪, ২০২৬, ০৭:২১ পিএম
ছবি : দিনাজপুর টিভি
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের গোর-এ-শহীদ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাহাদুর বাজার ট্রাফিক মোড়ে গিয়ে সমাবেশটি শেষ হয়।জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজপথে সরব হয়েছেন জোটের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যক্ষ আনিসুর রহমান, সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, জেলা জামায়াতের ইউনিট সদস্য অ্যাডভোকেট মাইনুল আলম, শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন ও সেক্রেটারি কামরুল হাসান রাসেল, জেলা জাগপার সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রুপম এবং এনসিপি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক একামুল হক আবির।
বক্তারা দেশের ৭০ ভাগ মানুষের রায়ের প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। তারা গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সমাবেশের স্লোগানে আবু সাঈদ ও মুগ্ধসহ শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।গণমিছিল ও সমাবেশে জামায়াত, জাগপা ও এনসিপিসহ ১১ দলীয় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। তাদের স্লোগান ছিল জুলাই সনদ বাস্তবায়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা।