জুলাই ৫, ২০২৬, ০৩:৪৭ পিএম
দীর্ঘদিনের বঞ্চনার অবসান ও সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানরা। সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে রোববার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির জেলা শাখার জরুরি সভায় এই ঘোষণা দেওয়া হয়। গত ১ জুলাই থেকে তাদের এই কর্মবিরতি চলছে।
টেকনিশিয়ানদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।সমিতির দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. সেলিম বাদশার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম। সভায় ঠাকুরগাঁও জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলা থেকে আসা টেকনিশিয়ানরা উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করেন, প্রাণিসম্পদ উন্নয়নে ভূমিকা রেখেও ৩০ বছর ধরে বিনা বেতনে কাজ করছেন তারা। পরিবার-পরিজন নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন।নেতৃবৃন্দ জানান, আগে তাদের দুই হাজার টাকা সম্মানীত দেওয়া হলেও তাও বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ গত অর্থ বছরে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন থেকে সরকারি রাজস্ব খাতে প্রায় ১২ কোটি টাকা জমা দিয়েছেন তারা।
পূর্বে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগের উদ্যোগ নেওয়া হলেও আদালতের হস্তক্ষেপে তা স্থগিত হয়।এআই টেকনিশিয়ানদের যৌক্তিক দাবি—দৈনিক হাজিরা অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন জারি করতে হবে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সারাদেশের ৫ হাজার ২৭২ জন এআই টেকনিশিয়ান তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন বলে নেতৃবৃন্দ হুশিয়ারি দিয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন