রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে শহীদ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের শ্রদ্ধা

মো: মামুনুর রশিদ

জুলাই ১৬, ২০২৬, ০১:০৬ পিএম

দিনাজপুরে শহীদ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের শ্রদ্ধা

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে দিনাজপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন জেলা প্রশাসন, রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বুধবার সকালে দিনাজপুর শিশু পার্ক সংলগ্ন এই স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষ ভিড় জমান।শ্রদ্ধা নিবেদন করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা এ সময় শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। 

শ্রদ্ধা নিবেদনের পর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন ও বিশেষ দোয়া করা হয়। স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সহ-সভাপতি মোকাররম হোসেন, সহ-সভাপতি আক্তারুজ্জামান জুয়েলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

একে একে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণ হয়ে ওঠে আবেগঘন এক পরিবেশের সাক্ষী।জানা যায়, জুলাই আন্দোলনের সময় দিনাজপুরে আটজন শহীদ হন। শহীদ রফিকুল ইসলাম রাহুল, রুদ্র সেন ও আল আমিন সরকারসহ সকল শহীদের আত্মত্যাগ দিনাজপুরবাসীর কাছে গভীর শ্রদ্ধার বিষয়। 

শ্রদ্ধা জানাতে আসা মানুষ বলেন, শহীদদের রক্তে রচিত এই ইতিহাস নতুন প্রজন্মকে ন্যায়, সাহস ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে।শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের অবদানকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে বর্ণনা করেন উপস্থিত ব্যক্তিরা। স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।