জুলাই ১৬, ২০২৬, ১০:২০ পিএম
দিনাজপুর জেলায় বৃক্ষরোপণ অভিযান ও ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার শুভ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে শহরের শহীদ বড় মাঠে এই কর্মসূচির উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ` প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সকলকে দেশজুড়ে গাছ লাগানোর আহ্বান জানান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার জায়দান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাজহারুল ইসলাম।
জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা ফাহিম মাসউদ। বাংলাদেশ বেতার রংপুরের সংবাদ পাঠক মুনিরা শাহনাজ চৌধুরীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক মোহাম্মাদ তানভীর ইসলাম নাহিদ, সদর রেঞ্জ কর্মকর্তা মো. মাসুদ রানাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এর আগে, বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি।
আলোচনা সভা শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। মেলায় সরকারি ও বেসরকারি মিলে মোট ৩৩টি স্টল স্থান পেয়েছে। বৃক্ষরোপণ অভিযান ও মেলার এই আয়োজন সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন