মোজাম্মেল হক
জুলাই ২৪, ২০২৬, ১১:১০ পিএম
ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার এক নম্বর শিবরামপুর ইউনিয়নে দলীয় কমিটি পুনর্গঠন ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিএনপির মতবিনিময় সভা এবং একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এসব গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম।
শুক্রবার বিকেলে এই কর্মসূচি পালিত হয়।উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় উপজেলা, ইউনিয়ন এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে দলীয় সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করতে পারস্পরিক ঐক্য, শৃঙ্খলা ও সুদৃঢ় বন্ধন বজায় রাখার কোনো বিকল্প নেই।
দীর্ঘদিনের ত্যাগী, পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের সঠিক মূল্যায়নের মাধ্যমে খুব দ্রুত একটি পূর্ণাঙ্গ ও শক্তিশালী কমিটি গঠনের রূপরেখা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আসন্ন রাজনৈতিক কর্মসূচিগুলো সফল করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানানো হয়।মতবিনিময় সভা শেষে বিকেলে মুরালিপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম।
এ সময় তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ নিশ্চিত করতে বেশি বেশি বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি অন্তত একটি করে গাছ লাগিয়ে নিয়মিত তার পরিচর্যা করার উৎসাহ দেন।উক্ত বৃক্ষরোপণ ও মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।