জুলাই ২৬, ২০২৬, ০২:৫৭ পিএম
দিনাজপুর শহরের জেল রোডে অবস্থিত পূবালী ব্যাংক পিএলসি শাখা প্রাঙ্গণে তিন দিনব্যাপী বাংলা কিউআর সম্প্রসারণ, সচেতনতামূলক ক্যাম্পেইন ও গ্রাহক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।উদ্বোধনের আগে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। অর্থনৈতিক নিরাপত্তা জোরদার, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে দেশের ব্যাংকিং খাতকে আরও শৃঙ্খলিত করতে সরকার সচেষ্ট রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় পরিচালিত এই ক্যাশলেস ক্যাম্পেইন লেনদেন সহজ করার পাশাপাশি অর্থনীতিকে স্বচ্ছ ও জনবান্ধব করতে সহায়ক ভূমিকা রাখবে।অনুষ্ঠানে সম্মানিত অতিথি বাংলাদেশ ব্যাংক রংপুরের পরিচালক মো. আসাদুজ্জামান খান জানান, ডিজিটাল পদ্ধতিতে নিরাপদ লেনদেন নিশ্চিত করে ক্যাশলেস বাংলাদেশ গড়ে তোলাই বর্তমান নীতি। একটিমাত্র কিউআর কোড বা মোবাইল অ্যাপ ব্যবহার করে ছোট-বড় সব ধরনের কেনাকাটা সম্পন্ন করা সম্ভব হওয়ায় এটি ব্যবসায়ী ও সাধারণ গ্রাহক উভয়ের জন্য সাশ্রয়ী মাধ্যম।
এ সময় পূবালী ব্যাংক রংপুর জোনের অঞ্চল প্রধান মো. আলতাপ হোসেন এবং দিনাজপুর শাখার ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম উপস্থিত থেকে ব্যাংকিং সেবাকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।আলোচনা সভা শেষে উপস্থিত গ্রাহকদের মাঝে আনুষ্ঠানিকভাবে বাংলা কিউআর কোড বিতরণ করা হয়। পরবর্তীতে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে তিন দিনব্যাপী এই সচেতনতামূলক কর্মসূচির সূচনা পর্বের সমাপ্তি ঘটে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন