মাহবুবুল হক খান
জুলাই ৩০, ২০২৬, ১১:১৪ পিএম
ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরে আয়োজিত পক্ষকালব্যাপী বৃক্ষমেলা সফলভাবে সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর গোর-এ-শহীদ বড়মাঠ প্রাঙ্গণে এক বর্ণিল সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নার্সারি মালিক ও প্রকৃতিপ্রেমীদের ব্যাপক সমাগম ঘটে।মেলা প্রাঙ্গণে ছিল নানা রঙের গাছের সমাহার।
মেলাজুড়ে প্রদর্শিত ও বিক্রিত গাছের বিশাল ভাণ্ডারে স্থান পেয়েছিল দেশি-বিদেশি ফলদ, বনজ, ওষধি এবং শোভাবর্ধনকারী বৃক্ষ। ফলদ গাছের মধ্যে আম, জাম, লিচু, কাঁঠাল, পেয়ারা, কমলা, জাম্বুরা, কালো জাম, লটকন ও নারিকেলের পাশাপাশি রাম্বুটান, এভোকাডো, ডুরিয়ান, সাদা জাম, ডালিম ও লংগান দর্শনার্থীদের নজর কাড়ে। এছাড়া মেহগুনি, গামার, সেগুন, আকাশমনি ও শিশুর মতো বনজ গাছের পাশাপাশি অর্জুন, হরতকি, বহেরা ও আমলকির মতো ওষধি গাছও স্থান পায়। ঘর ও ছাদবাগান সাজাতে ক্যাকটাস, অর্কিড, গোলাপ, জুঁই, রজনীগন্ধা, পাতাবাহারসহ প্রায় সাত শতাধিক প্রজাতির শোভাবর্ধনকারী গাছের চারা মেলায় প্রদর্শিত হয়।
মেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা বিএডিসি নার্সারিসহ মোট ত্রিশটি স্টল অংশ নেয়। মেটাল বায়োটেক নার্সারির ব্যবস্থাপক জানান, তাদের স্টলে ফলদ ও ওষধিসহ প্রায় সাত শতাধিক প্রজাতির চারা ভালো পরিমাণে বিক্রি হয়েছে। অন্যদিকে বেস্ট কেয়ার এগ্রো নার্সারির ব্যবস্থাপনা পরিচালক জানান, তাঁদের নার্সারির প্রায় তিন হাজার দুইশত প্রজাতির চারার মধ্যে মেলা থেকেই প্রায় এক হাজার প্রজাতির চারা বিক্রি হয়েছে। সামগ্রিকভাবে মেলায় আশানুরূপ বেচাকেনা হয়েছে বলে উদ্যোক্তারা সন্তোষ প্রকাশ করেন।
সমাপনী দিনে মেলায় অংশগ্রহণকারী নার্সারিগুলোর মধ্য থেকে সেরা পারফর্মকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী উদ্যোক্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিরা। এলাকার গ্রামীণ অর্থনীতি ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় এ ধরনের আয়োজন প্রতি বছর অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।