রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১০, ২০২৬, ০৬:০৯ পিএম

দিনাজপুরে নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর জেলায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থানীয় একটি এনজিও ফোরামের কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ সভাটি সম্পন্ন হয়। জেলার বিভিন্ন এলাকার সার্বিক মানবাধিকার পরিস্থিতি এবং নাগরিক সুরক্ষার বিষয়গুলো বৈঠকে প্রধান আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।দিনাজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও নেটওয়ার্কের অন্যতম সদস্য আজহারুল আজাদ জুয়েল সভায় সভাপতিত্ব করেন।

সভায় বীরগঞ্জ, বিরল ও পার্বতীপুর উপজেলাসহ জেলার বিভিন্ন স্থানে ঘটে যাওয়া বিভিন্ন হিংসাত্মক ও মানবাধিকার বহির্ভূত ঘটনার তীব্র সমালোচনা করা হয়। আলোচকরা জানান যে সম্প্রতি নারী, সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠীর ওপর বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে এবং বিরলে সংঘটিত একটি হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিরা এখনো যথাযথ আইনগত সহায়তা পাচ্ছেন না। ভুক্তভোগীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তাদের পাশে দাঁড়াতে অনেকে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন বলে সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কার্যকর সামাজিক ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

দীর্ঘ আলাপ-আলোচনার পর সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে রয়েছে পরিস্থিতি উন্নয়নে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা এবং নিপীড়িত মানুষের সুরক্ষায় সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো। যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য একটি বিশেষ কুইক রেসপন্স টিম গঠনের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি প্রতি মাসে নাগরিক অধিকার লঙ্ঘনের একটি করে ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন প্রকাশ করার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

নেটওয়ার্কের জেলা সমন্বয়ক প্রীতি রায়ের সঞ্চালনায় সভায় ব্লাস্টের সিনিয়র রিসার্চ অফিসার সিকান্দার আলী ওসমান শান্ত, আইনজীবী সৈয়দ তানভীর আজম টাইফ, বিধান দত্ত, লুকাস সরেন, উত্তম কুমার রায়, রতন সিং, কাশি কুমার দাস, রিয়াজুল ইসলাম, তনুজা শারমিন, আইনজীবী রুনা লায়লা ও উত্তম শর্মা সহ আরও অনেকে বক্তব্য দেন। এছাড়া সভায় ফারজানা ফারহীন ইতু, শিবানী ওরাও, রুমি রানী রায়, শিউলি বাঁড়া এবং মাহফুজ আলম উপস্থিত ছিলেন।