সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

শ্রমিকদের দাবি পূরণের আশ্বাসে দিনাজপুরে অবরোধ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১১, ২০২৬, ১০:৪৬ পিএম

শ্রমিকদের দাবি পূরণের আশ্বাসে দিনাজপুরে অবরোধ প্রত্যাহার

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

কৃষকদল ও পরিবহন শ্রমিক নেতা মজিবর রহমান মজিবকে গ্রেপ্তারের জেরে উত্তপ্ত পরিস্থিতিতে অবশেষে দিনাজপুরে অনির্দিষ্টকালের পরিবহন অবরোধ প্রত্যাহার করা হয়েছে। শ্রমিকদের উত্থাপিত তিন দফা দাবি মেনে নেওয়ার প্রশাসনিক আশ্বাসের প্রেক্ষিতে জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শ্রমিক প্রতিনিধিদের মধ্যকার এক জরুরি যৌথ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।সভা শেষে জানানো হয় যে শ্রমিকদের তিনটি দাবিই প্রশাসন ইতিবাচকভাবে গ্রহণ করেছে। আগামী বুধবার আইনি প্রক্রিয়ার মাধ্যমে শ্রমিক নেতা মজিবকে মুক্তি দেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়। 

একই সঙ্গে সিআইডি কর্মকর্তাকে জেলা থেকে অপসারণ এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান স্থানীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।এর আগে সভায় বক্তারা শ্রমিক নেতাকে গ্রেপ্তারের প্রক্রিয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। 

তবে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত মুক্তির আশ্বাস দেওয়ায় শ্রমিক নেতৃবৃন্দ আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নেন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলালসহ বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।অবরোধ প্রত্যাহারের ফলে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।