আগস্ট ২১, ২০২৬, ১০:০৫ এএম
দিনাজপুরের বিরামপুরে পার্কে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটটি ঘর সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেশ কিছু আলামত জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুরে বিরামপুর পৌর শহরের অ্যাকুয়াথিম পার্কে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা খাতুন অভিযান পরিচালনা করেন।
এ সময় থানা পুলিশের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা খাতুন বলেন, অ্যাকুয়াথিম পার্কের ভেতরে অসামাজিক কার্যকলাপ চলছে এমন অভিযোগ কয়েক দিন ধরে আসছিল।
আজ সেখানে অভিযান চালিয়েছি এবং অভিযোগের সত্যতা পেয়েছি। উপস্থিত কাউকে পাওয়া যায়নি তবে অসামাজিক কার্যকলাপের বেশ কিছু আলামত পাওয়া গেছে। পার্কে আটটি ঘর সিলগালা এবং কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। পার্কটির স্বত্বাধিকারী সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন