মোজাম্মেল হক
সেপ্টেম্বর ১৬, ২০২৬, ০৫:০৬ পিএম
ছবি: দিনাজপুর টিভি
দিনাজপুরের বীরগঞ্জে তৃণমূল জনগোষ্ঠীর আর্থ-সামাজিক পরিস্থিতির ওপর পরিচালিত ভিত্তি জরিপের তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় বীরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএসডিও-থাইভ প্রকল্পের আয়োজনে এবং আন্তর্জাতিক সংস্থা হেক্স/ইপার-এর সহযোগিতায় এই সভার আয়োজন করা হয়। তৃণমূল পর্যায়ের প্রকৃত চাহিদা চিহ্নিত করে সরকারি ও বেসরকারি সহায়তার সঠিক সমন্বয় নিশ্চিত করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
সঠিক তথ্যের ভিত্তিতে গৃহিত উন্নয়ন পরিকল্পনাই টেকসই হয়। অনুষ্ঠানে প্রকল্পের সমন্বয়কারী সেরাজুস সালেকীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফজলে ইবনে কাওসার আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহরিয়ার মান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবিব সরকার ও উপজেলা প্রকৌশলী মো. হুমায়ুন কবীর। এছাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. শাহজিদা হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস সভায় নিজ নিজ দপ্তরের মতামত তুলে ধরেন।
সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি মাঠপর্যায়ের সুবিধাভোগীরা তাদের ঘুরে দাঁড়ানোর বাস্তব অভিজ্ঞতা প্রকাশ করেন। প্রকল্প কর্মকর্তা ফারহানা সিদ্দিকীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আরতি রানী, রিনা হেমরম ও চাম্পা রানী পাল। তারা জানান, প্রকল্প থেকে পাওয়া আর্থিক সহায়তা ও নির্দেশনা কাজে লাগিয়ে তারা আত্মনির্ভরশীল হয়েছেন। কেউ সেই অর্থ দিয়ে ছাগল পালন শুরু করে বর্তমানে একাধিক গবাদিপশুর মালিক হয়েছেন, আবার কেউ রাজমিস্ত্রির কাজের আধুনিক যন্ত্রপাতি কিনে নিজের আয় উল্লেখযোগ্য হারে বাড়াতে সক্ষম হয়েছেন।
বক্তারা উল্লেখ করেন, উন্নয়ন কার্যক্রমকে বাস্তবসম্মত ও ফলপ্রসূ করতে হলে মাঠের সঠিক পরিসংখ্যান জানা অত্যন্ত জরুরি। স্থানীয় জনগণের প্রকৃত সমস্যা ও সম্ভাবনা বিবেচনায় রেখে নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করা হলে পিছিয়ে পড়া পরিবারগুলোর জীবনযাত্রার মান স্থায়ীভাবে উন্নত হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।