শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,
মধ্যরাতে মুখোমুখি সংঘর্ষ

বীরগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৪ জন

জাহিদ হাসান

সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১১:৩৩ এএম

বীরগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৪ জন

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জে ড্রাম ট্রাক ও আলুবোঝাই মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আনুমানিক এগারোটা বিশ মিনিটে বীরগঞ্জ পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের পুরাতন জেলখানা ডাঙ্গাপাড়া এলাকায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আলুবোঝাই ট্রাকটি মহাসড়কের ওপর আড়াআড়ি উল্টে পড়ে থাকলে উভয় পাশে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

সংঘর্ষের পর মহাসড়কে তীব্র যানজট তৈরি হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা আলুভর্তি একটি মালবাহী ট্রাক যার নম্বর ঢাকা মেট্রো-ট ১৮-৮৮৪৮ এবং বিপরীত দিক থেকে আসা একটি খালি ড্রাম ট্রাক যার নম্বর ঢাকা মেট্রো-ট ১২-৩৮১০ ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পণ্যবাহী ট্রাকটি সড়কের ওপর উল্টে যায় এবং চারজন ব্যক্তি আহত হন। 

স্থানীয়রা ও পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দুর্ঘটনার কারণে মহাসড়কের দুই প্রান্তে দীর্ঘ যানজট সৃষ্টি হলে বীরগঞ্জ থানা পুলিশ ও দশমাইল হাইওয়ে থানা পুলিশের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। পরবর্তীতে দুর্ঘটনাগ্রস্ত যানবাহন সরিয়ে প্রায় তিন ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়।