বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,

বীরগঞ্জে ফাটল ধরা ভবনে জীবনের ঝুঁকিতে শিক্ষার্থীদের পাঠদান

মোঃ আরিফ ইসলাম

সেপ্টেম্বর ১০, ২০২৬, ০৯:১০ পিএম

দিনাজপুরের বীরগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনজুড়ে ফাটল দেখা দেওয়ায় এবং ছাদ থেকে পলেস্তারা খসে পড়ার কারণে চরম আতঙ্কের মধ্যে শ্রেণি কার্যক্রম চলছে। উপজেলার দক্ষিণ পল্টাপুরের ২৪ নম্বর দক্ষিণ পল্টাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ভেতরে বাঁশের খুঁটি দিয়ে ঠেকিয়ে ঝুঁকি নিয়ে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কায় দিন পার করছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

বর্তমানে এই ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ে এক শত ছাব্বিশ জন শিক্ষার্থী নিয়মিত পড়াশোনা করছে। সরেজমিনে বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, ভবনের দেয়াল ও ছাদের বিভিন্ন অংশে বড় বড় ফাটল ও ক্ষতের সৃষ্টি হয়েছে। ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা এবং পরিস্থিতি সামাল দিতে শ্রেণিকক্ষের ভেতরে বাঁশের খুঁটি স্থাপন করে রাখা হয়েছে।

প্রধান শিক্ষক মো আহসান হাবীব জানান, পুরো ভবন জরাজীর্ণ হয়ে পড়ায় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং এক প্রকার বাধ্য হয়েই এই বিপজ্জনক পরিবেশে শিশুদের ক্লাস নিতে হচ্ছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো আসলাম আলী ও সহকারী শিক্ষিকা মোছা দুলালি জানান, শিক্ষক ও শিশু শিক্ষার্থীদের সার্বক্ষণিক দুর্ঘটনার আতঙ্কে থাকতে হয়।

এলাকাবাসীর পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করে জানানো হয়েছে, প্রতিদিন বহু ছোট শিশু এখানে বিদ্যা অর্জন করতে আসে। হঠাৎ ভবনের ছাদ বা কোনো অংশ ধসে পড়লে প্রাণহানির মতো বড় বিপর্যয় ঘটতে পারে। তাই শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে ঝুঁকিপূর্ণ ভবনটি সংস্কার অথবা জরুরি ভিত্তিতে একটি নতুন ভবন নির্মাণের জোর দাবি জানিয়েছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে বীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজিদা হক জানিয়েছেন, বিদ্যালয় ভবনের জরাজীর্ণ অবস্থার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নেওয়া হয়েছে। সরেজমিনে পরিদর্শন ও প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য দ্রুততম সময়ে নিরাপদ শিক্ষাপরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।