সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০৮:২৬ পিএম
দিনাজপুরের বীরগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নের মাদ্রাসা মোড়ে দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। আয়োজক মো. জসিম উদ্দিনের উদ্যোগে অনুষ্ঠিত এই খেলায় বিভিন্ন এলাকার খেলোয়াড়েরা অংশ নেন এবং মাঠজুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।
সকাল থেকেই মাঠে ছিল বিপুল দর্শকের সমাগম। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম এবং পুরো খেলাটি পরিচালনা করেন মো. জাকিরুল ইসলাম জাকু। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ জোগান।
বিশেষ অতিথি হিসেবে মাঠে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব ও ১১ নম্বর মরিচা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মো. মশিউর রহমান, বীরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান আকাশ, পাল্টাপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম মাস্টার এবং একই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. শরিফুল ইসলাম শরিফ। দিনব্যাপী রোমাঞ্চকর লড়াই শেষে বিজয়ী দলের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা এসব খেলা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নিয়মিত এ উদ্যোগ অব্যাহত থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন