নভেম্বর ২১, ২০২৫, ০৯:৫০ এএম
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ১ হাজার ৩৫৩ টাকা কমানোর ঘোষণা দেওয়ায় আজ শুক্রবার (২১ নভেম্বর) থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকায় বিক্রি শুরু হবে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস স্বর্ণের নতুন মূল্য তালিকা প্রকাশ করে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা।
এছাড়াও ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৩১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪১ হাজার ৬৪৮ টাকা।বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ক্রেতাকে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। উল্লেখ্য, এই মূল্য কমানোর সিদ্ধান্তটি এলো মাত্র দুই দিনের ব্যবধানে।
এর আগে বুধবার (১৯ নভেম্বর) দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস, যেখানে ভরিতে ২ হাজার ৬১২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা কার্যকর হয়েছিল ২০ নভেম্বর থেকে।এদিকে স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। বর্তমানে দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৬০১ টাকায়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন