ডিসেম্বর ২, ২০২৫, ০৮:৫২ পিএম
দেশে প্রথমবারের মতো গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ৫০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট প্রচলন করা হবে। আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে এ নোট বাজারে আসবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।নোটের ডিজাইন ও বৈশিষ্ট্য
বাংলাদেশ ব্যাংক ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের সব মূল্যমানের নোট মুদ্রণের কার্যক্রম গ্রহণ করেছে। এর মধ্যে ১০০০, ১০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের নোট ইতোমধ্যে বাজারে এসেছে।
নতুন ৫০০ টাকা মূল্যমানের নোটের ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য হলো:আকার ও রং: নোটটির আকার ১৫২ মি.মি. x ৬৫ মি.মি.। এতে সবুজ রঙের আধিক্য রয়েছে।চিত্র: সম্মুখভাগে কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকার ছবি ও জাতীয় ফুল শাপলার ছবি। পেছনভাগে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকার ছবি মুদ্রিত আছে।জলছাপ ও নিরাপত্তা: জলছাপ হিসেবে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’ ও ইলেক্ট্রোটাইপ জলছাপে ‘500' রয়েছে।১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্যনতুন নোটটিতে মোট ১০ ধরনের উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। এর মধ্যে প্রধান হলো:
১. রং পরিবর্তনশীল নিরাপত্তা কালি: নোটের সম্মুখভাগের ডানদিকে কোনায় মুদ্রিত মূল্যমান ‘500’ রং পরিবর্তনশীল কালিতে মুদ্রিত। নোটটি নাড়াচাড়া করলে এর রং সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হয়।
২. পেঁচানো নিরাপত্তা সুতা: সম্মুখভাগের বাঁ পাশে ৪ মি.মি. চওড়া লাল রং এবং উজ্জ্বল স্বর্ণালি বারের সমন্বয়ে পেঁচানো (Twisted) নিরাপত্তা সুতা রয়েছে। নোটটি নাড়াচাড়া করলে লাল অংশ সবুজ রঙে পরিবর্তিত হবে।
৩. দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য: নোটের সম্মুখভাগের ডানদিকে নিচে ৫টি ছোট বৃত্ত রয়েছে, যা হাতের স্পর্শে অসমতল অনুভূত হয়।
৪. ইউভি কার্ভিং: নোটটির উভয় পৃষ্ঠে UV curing varnish সংযোজন করায় নোটটি চকচকে (Glossy) অনুভূত হবে।
নোটটি প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরে অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে। নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন