রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আন্তর্জাতিক বাজারে আবারও কমলো স্বর্ণ ও রুপার দাম

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৪, ২০২৫, ০৭:২৪ পিএম

আন্তর্জাতিক বাজারে আবারও কমলো স্বর্ণ ও রুপার দাম

এশিয়া ও ইউরোপের শেয়ারবাজারে উত্থানের কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি চাহিদা কিছুটা কমে গেছে। এর সরাসরি প্রভাব হিসেবে বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সামান্য হ্রাস পেয়েছে। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের গুরুত্বপূর্ণ বৈঠক এবং অর্থনৈতিক তথ্য প্রকাশের আগে বিনিয়োগকারীরা।

'অপেক্ষার নীতি' গ্রহণ করায় স্বর্ণের বাজারে এই ধীর গতির প্রভাব পড়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১১টা ৪১ মিনিট জিএমটি পর্যন্ত স্পট গোল্ডের দাম ০.২ শতাংশ কমে আউন্সপ্রতি ৪,১৯৯.০৬ ডলারে দাঁড়িয়েছে।

একই সঙ্গে ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারও ০.১ শতাংশ কমে আউন্সপ্রতি ৪,২২৯ ডলারে লেনদেন হয়।

অ্যাকটিভট্রেডস বিশ্লেষক রিকার্ডো এভানজেলিস্তা এই বিষয়ে মন্তব্য করে বলেন, “আগামীকাল প্রকাশিত হতে যাওয়া পিসিই মূল্যস্ফীতি সূচকের আগে স্বর্ণবাজারের ক্রেতারা অপেক্ষার নীতি গ্রহণ করেছেন। শেয়ারবাজারে ঝুঁকি নেওয়ার মানসিকতা বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের ঊর্ধ্বমুখী গতি আপাতত সীমিত হয়েছে।” শেয়ারবাজারে বিনিয়োগ বাড়লে স্বাভাবিকভাবেই নিরাপদ বিনিয়োগের চাহিদা কমে আসে, যা স্বর্ণের মূল্যের ওপর প্রভাব ফেলে।

এদিকে, রুপার বাজারেও আজ মূল্যপতন দেখা গেছে। রুপার দাম ১.৭ শতাংশ কমে আউন্সপ্রতি ৫৭.৫ ডলারে নেমে এসেছে। যদিও বুধবার রুপার দাম ইতিহাসের সর্বোচ্চ ৫৮.৯৮ ডলারে পৌঁছেছিল। চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম বেড়েছে ১০১ শতাংশ। বাজারে তারল্য সরে গিয়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে প্রবাহিত হওয়া, রুপাকে যুক্তরাষ্ট্রের জরুরি খনিজ তালিকায় অন্তর্ভুক্ত করা এবং দীর্ঘমেয়াদি সরবরাহ ঘাটতির আশঙ্কা—এসব কারণে রুপার বাজারে শক্তিশালী উত্থান দেখা গিয়েছিল। কিন্তু অর্থনীতির নানা সূচকের প্রভাবে আজ তা নিম্নমুখী হয়েছে। সামগ্রিক অর্থনীতির এই প্রবণতা বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের প্রভাবিত করছে।