জানুয়ারি ৩, ২০২৬, ০৯:৫৬ এএম
দেশজুড়ে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। নির্ধারিত ১২৫৩ টাকার ১২ কেজির সিলিন্ডার বর্তমানে ১৮০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চড়া দাম দিয়েও মিলছে না সিলিন্ডার।
খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, ডিলারদের কাছ থেকে সরবরাহ না থাকায় বাজারে এই কৃত্রিম সংকটের সৃষ্টি হয়েছে। একইসাথে রাজধানীর বিভিন্ন এলাকায় পাইপলাইনের গ্যাস সংকটে গত চার-পাঁচ দিন ধরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
ভোক্তা অধিকার সংগঠন ক্যাব-এর মতে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) যথাযথ তদারকির অভাবেই সিন্ডিকেট চক্র বাজারে কারসাজি করছে।
এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন (লোয়াব) জানিয়েছে, বিশ্ববাজারে চাহিদা বৃদ্ধি এবং জাহাজ সংকটের কারণে গত মাসে এলপিজি আমদানি প্রায় ৪০ শতাংশ কমে গেছে। বিশেষ করে এলপিজি পরিবহনের ২৯টি জাহাজ নিষেধাজ্ঞার কবলে পড়ায় আমদানি ব্যয় ও সময়—উভয়ই বেড়েছে। ডিসেম্বর মাসে লক্ষ্যমাত্রার চেয়ে অন্তত ৫০ হাজার টন কম গ্যাস আমদানি করা হয়েছে।
বিইআরসি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ স্বীকার করে ব্যবসায়ীদের সংগঠনকে চিঠি দিয়েছে। কমিশন জানিয়েছে, ডিস্ট্রিবিউটর বা খুচরা বিক্রেতা—কোনো পর্যায়েই বাড়তি দাম নেওয়ার সুযোগ নেই। তবে মাঠ পর্যায়ে এর কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। আগামীকাল ৪ জানুয়ারি নতুন দাম ঘোষণার কথা থাকলেও তার আগেই অসাধু ব্যবসায়ীরা মজুতদারি ও মুনাফা লোটার উৎসবে মেতেছে। প্রশাসন কার্যকর ব্যবস্থা না নিলে এই সংকট আরও দীর্ঘায়িত হওয়ার শঙ্কা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন