জানুয়ারি ৩, ২০২৬, ১০:৫৩ এএম
দেশের বাজারে স্বর্ণের দাম আরও এক দফা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ শনিবার (৩ জানুয়ারি) থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকায় বিক্রি হবে।
গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমানোর এই ঘোষণা দেয় বাজুস। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫১ হাজার ৮০৭ টাকায় বিক্রি হবে।
তবে ক্রেতাদের মনে রাখতে হবে, বাজুস নির্ধারিত এই মূল্যের সঙ্গে বাধ্যতামূলকভাবে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। উল্লেখ্য, ২০২৫ সালে রেকর্ড ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।স্বর্ণের পাশাপাশি নতুন বছরে প্রথমবার কমানো হয়েছে রুপার দামও।
২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ভরিতে ৫২৫ টাকা কমিয়ে ৫ হাজার ৫৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় বিক্রি হবে। চলতি ২০২৬ সালের শুরুতে টানা দুবার স্বর্ণের দাম কমায় বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন