সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, জানুন ভরি কত

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৩, ২০২৬, ১০:১৯ এএম

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, জানুন ভরি কত

দেশের বাজারে আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হয়েছে। ইতিহাসের সব রেকর্ড ভেঙে আজ থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকায়। গতকাল সোমবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়ানোর এই সিদ্ধান্ত জানায়।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

১৩ জানুয়ারি থেকে স্বর্ণের নতুন বাজারদর:

স্বর্ণের মান (ক্যারেট)প্রতি ভরির দাম (টাকা)
২২ ক্যারেট২,৩২,০৫৫
২১ ক্যারেট২,২১,৪৯৯
১৮ ক্যারেট১,৮৯,৮৯০
সনাতন পদ্ধতি১,৫৬,৮৮১

উল্লেখ্য যে, স্বর্ণের এই বিক্রয়মূল্যের সঙ্গে ক্রেতাকে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি প্রদান করতে হবে। গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ কম-বেশি হতে পারে।

স্বর্ণের পাশাপাশি আজ থেকে বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪০৮ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৪৯ টাকায়। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৮৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৬৭৪ টাকায় বিক্রি হবে।