জানুয়ারি ২৭, ২০২৬, ০৭:৪১ পিএম
ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরণের বিস্ফোরণ ঘটেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিশ্ববাজারে নিরাপদ বিনিয়োগের চাহিদা বাড়ার সাথে সাথে স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। আগের সেশনে প্রথমবারের মতো স্বর্ণের দাম ৫,১০০ ডলারের মনস্তাত্ত্বিক সীমা অতিক্রম করেছে।
স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫,১৬০.৩৬ ডলারে পৌঁছেছে। এর আগে সোমবার লেনদেনে স্বর্ণের দাম রেকর্ড ৫,১১০.৫০ ডলার পর্যন্ত উঠেছিল, যা ইতিহাসে আগে কখনও দেখা যায়নি।
বাজার বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য ও ইউক্রেনসহ বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক অস্থিরতা বিনিয়োগকারীদের শঙ্কিত করে তুলেছে। ফলে শেয়ার বাজার বা মুদ্রার বদলে বিনিয়োগকারীরা স্বর্ণের মতো নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন। আন্তর্জাতিক বাজারের এই ঝোড়ো হাওয়ার প্রভাব পড়েছে বাংলাদেশের স্থানীয় বাজারেও।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সোমবার স্বর্ণের দাম ভরিতে ৫,২৪৯ টাকা বাড়ানোর ঘোষণা দেয়, যা মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। ফলে দেশের বাজারে এখন এক ভরি ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণ কিনতে গ্রাহককে গুনতে হচ্ছে ২,৬২,৪৪০ টাকা।নতুন নির্ধারিত দাম অনুযায়ী, দেশে ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২,৫০,৪৮৪ টাকা, ১৮ ক্যারেট ২,১৪,৭৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১,৭৬,৫৯৩ টাকায় বিক্রি হচ্ছে।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে। অর্থনীতিবিদদের মতে, আন্তর্জাতিক বাজার যদি এভাবেই অস্থিতিশীল থাকে তবে অদূর ভবিষ্যতে স্বর্ণের দাম আরও বাড়তে পারে। খুচরা পর্যায়ে গহনা ক্রেতারা এখন এই রেকর্ড দামের কারণে বিপাকে পড়েছেন, অন্যদিকে পুরাতন স্বর্ণ মজুদকারীদের জন্য এটি বড় লাভের সুযোগ করে দিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন