সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ঢাকার পানি দূষণ কমাতে ৩৭০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৮:০৪ পিএম

ঢাকার পানি দূষণ কমাতে ৩৭০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

রাজধানী ঢাকা ও এর আশেপাশের এলাকার পরিবেশগত বিপর্যয় রোধ এবং পানি দূষণ কমাতে বড় ধরনের সুখবর দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি ঢাকার স্যানিটেশন ব্যবস্থা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের জন্য ৩৭০ মিলিয়ন ডলারের (প্রায় ৪ হাজার ৪০০ কোটি টাকা) ঋণ সহায়তা অনুমোদন করেছে। গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পর্ষদের সভায় এই অনুমোদন দেওয়া হয়।

‘দ্য মেট্রো ঢাকা ওয়াটার সিকিউরিটি অ্যান্ড রেজিলিয়েন্স’ শীর্ষক এই প্রকল্পের মূল লক্ষ্য হলো ঢাকা ওয়াসা ও সিটি কর্পোরেশনগুলোর সক্ষমতা বৃদ্ধি করা। এর মাধ্যমে নদ-নদী ও খালের পানি দূষণ কমিয়ে সেগুলোর নাব্যতা ফিরিয়ে আনা হবে। 

বিশ্বব্যাংক জানিয়েছে, বর্তমানে ঢাকার মাত্র ২০ শতাংশ বাসিন্দা পাইপযুক্ত পয়ঃনিষ্কাশন সুবিধা পান, আর ৮০ শতাংশ বর্জ্য সরাসরি নদীতে গিয়ে পড়ছে। এই প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ৫ লাখ মানুষ উন্নত স্যানিটেশন এবং ৫ লাখ মানুষ উন্নত বর্জ্য ব্যবস্থাপনা সেবার আওতায় আসবেন।

বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জ্যঁ পেসমে বলেন, “জলাশয়গুলো ঢাকার কয়েক মিলিয়ন মানুষের জীবনরেখা। অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের ফলে এগুলো হুমকির মুখে। এই কর্মসূচি নদী ও খালের স্বাস্থ্য পুনরুদ্ধারে প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি করবে।প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশের ৮০ শতাংশ রপ্তানিমুখী পোশাক কারখানা ঢাকা ও এর আশেপাশে অবস্থিত, যা নদী দূষণের অন্যতম কারণ। 

এই প্রকল্পে বেসরকারি খাতকে সম্পৃক্ত করে শিল্পবর্জ্য পরিশোধন ও পানির পুনঃব্যবহার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। প্রথম পর্যায়ে ঢাকা ও নারায়ণগঞ্জের নির্বাচিত এলাকাগুলো এবং সুবিধাবঞ্চিত জনপদকে অগ্রাধিকার দেওয়া হবে। নীতিনির্ধারকরা মনে করছেন, এই বিপুল অর্থায়ন ঢাকার পরিবেশ রাজনীতি ও নগর পরিকল্পনায় দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে।