রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

স্বর্ণের দামে বড় লাফ

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ১৪, ২০২৬, ১১:২১ পিএম

স্বর্ণের দামে বড় লাফ

রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতু স্বর্ণের দাম আবারও আকাশচুম্বী হয়ে উঠেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) লেনদেনের শুরু থেকেই স্বর্ণের বাজারে অস্থিরতা দেখা যায় এবং একদিনেই এই ধাতুর দাম ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। মূলত মার্কিন ডলারের দরপতন এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে শান্তি আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় বিনিয়োগকারীরা স্বর্ণকে ‘নিরাপদ সম্পদ’ হিসেবে বেছে নিচ্ছেন, যা দাম বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।

বার্তা সংস্থা রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার লেনদেন চলাকালীন প্রতি আউন্স স্বর্ণের দাম ১.১ শতাংশ বেড়ে ৪ হাজার ৭৯১.৬৫ ডলারে পৌঁছেছে। কেবল স্বর্ণই নয়, রুপার দামও পাল্লা দিয়ে বেড়েছে। 

প্রায় ৩.৩ শতাংশ বৃদ্ধিতে প্রতি আউন্স রুপার বর্তমান বাজারমূল্য দাঁড়িয়েছে ৭৮.৯ ডলারে। ভূ-রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিনিয়োগকারীরা যখন শেয়ার বাজার বা মুদ্রায় ঝুঁকি দেখছেন, তখন স্বর্ণ ও রুপার মতো ধাতুর দিকেই ঝুঁকছেন বেশি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহের শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর চলতি সপ্তাহে পাকিস্তানের ইসলামাবাদে পুনরায় আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল। এই ভূ-রাজনৈতিক ইতিবাচক সংকেত বিনিয়োগকারীদের মধ্যে মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমিয়ে বাজারে সাময়িক স্বস্তি ফেরালেও দামের গ্রাফকে ওপরের দিকে ঠেলে দিয়েছে। এছাড়া আন্তর্জাতিক বাজারে অন্যান্য শক্তিশালী মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের মান কমে যাওয়ায় বিদেশি ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা আগের চেয়ে সহজলভ্য হয়ে উঠেছে।

আরজেও ফিউচারসের জ্যেষ্ঠ বাজার কৌশলবিদ বব হ্যাবারকর্ন বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, “স্বর্ণের বাজারের ভবিষ্যৎ গতিপথ এখন অনেকটাই নির্ভর করছে ইসলামাবাদে অনুষ্ঠেয় আলোচনার ওপর। সেখান থেকে কোনো ইতিবাচক বা নেতিবাচক খবর এলে ধাতুটির দাম আরও বড় পরিবর্তনের সম্মুখীন হতে পারে।

অন্যদিকে, কমার্জব্যাংকের বিশ্লেষকদের মতে, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক বা ফেডারেল রিজার্ভ যতক্ষণ পর্যন্ত সুদের হার বাড়ানোর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছাচ্ছে, ততক্ষণ স্বর্ণের দাম কমার কোনো জোরালো সম্ভাবনা দেখছেন না বাজার সংশ্লিষ্টরা। একই দিনে আন্তর্জাতিক বাজারে প্ল্যাটিনামের দাম সামান্য বাড়লেও প্যালাডিয়ামের দাম প্রায় এক শতাংশ হ্রাস পেয়েছে।