এপ্রিল ১৫, ২০২৬, ১১:০৫ এএম
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে এই নতুন দর নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা করা হয়েছে।
বুধবার সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংগঠনটি জানিয়েছে, বুধবার সকাল ১০টা থেকেই সারাদেশে নতুন এই দাম কার্যকর করা হয়েছে। সোনার দামের এই দফায় দফায় বৃদ্ধিতে সাধারণ ক্রেতা ও জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন থেকে ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকায় বিক্রি হবে। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা।
যদিও স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে আপাতত কোনো পরিবর্তন আসেনি।এর আগে সবশেষ গত ৯ এপ্রিল দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সেই সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। মাত্র কয়েকদিনের ব্যবধানে বড় অংকের এই মূল্যবৃদ্ধি বাজার পরিস্থিতিতে নতুন প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
পরিসংখ্যান বলছে, চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৫৫ বার স্বর্ণের দাম পরিবর্তন বা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৩ বার কমানো হয়েছে। এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস, যার মধ্যে ৬৪ বারই ছিল দাম বাড়ার খবর। আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং স্থানীয় চাহিদার ওপর ভিত্তি করেই মূলত এই দাম নির্ধারণ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন