শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,

জ্বালানি তেল নিয়ে বড় সুখবর দিলেন প্রতিমন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ১৭, ২০২৬, ১১:৩৩ এএম

জ্বালানি তেল নিয়ে বড় সুখবর দিলেন প্রতিমন্ত্রী

ইস্টার্ন রিফাইনারি পরিদর্শন

দেশে এপ্রিল ও মে মাসের জন্য প্রয়োজনীয় জ্বালানি তেলের পূর্ণ মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার (১৭ এপ্রিল) চট্টগ্রামের পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন। 

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশের জ্বালানি পরিস্থিতি অত্যন্ত স্থিতিশীল এবং নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে সরকার বদ্ধপরিকর।প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, কেবল বর্তমান মাসের জন্যই নয়, বরং মে মাসের চাহিদাও বর্তমান মজুত দিয়ে স্বাচ্ছন্দ্যে মেটানো সম্ভব।

 সরকার এখন থেকেই আগামী জুন মাসের চাহিদা মাথায় রেখে কাজ করছে। জুনের জন্য প্রয়োজনীয় জ্বালানির পর্যাপ্ত মজুত আগাম নিশ্চিত করার প্রক্রিয়া চলমান রয়েছে। জ্বালানি তেলের সরবরাহ চেইন যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্য নিয়ে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলো ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি পরিমাণ জ্বালানি তেলের মজুত রয়েছে বলে দাবি করেন প্রতিমন্ত্রী। তার মতে, অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সরকার কেবল একটি বা দুটি উৎসের ওপর নির্ভর করছে না। বরং আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে বিকল্প বিভিন্ন উৎস থেকে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি আমদানির জোরালো চেষ্টা চালানো হচ্ছে। এই কৌশলের ফলে বিশ্ববাজারে অস্থিরতা থাকলেও দেশের বাজারে তেলের কোনো ঘাটতি হওয়ার সম্ভাবনা নেই।

পরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর পাশাপাশি ইস্টার্ন রিফাইনারির জন্য বিকল্প বাজার খোঁজা হচ্ছে। প্রতিমন্ত্রী জানান, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাশ্রয়ী মূল্যে অপরিশোধিত জ্বালানি আমদানির বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের এই সময়োপযোগী পদক্ষেপের ফলে ভবিষ্যতে জ্বালানি তেলের বাজারে যেকোনো বৈশ্বিক সংকট বাংলাদেশ সফলভাবে মোকাবিলা করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে সব ধরনের কারিগরি ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন রয়েছে বলেও জানান তিনি।