এপ্রিল ২১, ২০২৬, ০৭:২৫ পিএম
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে উদ্ভূত অস্থিতিশীল ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে দেশে জরুরি জ্বালানি চাহিদা মেটাতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে ১ লাখ ৭৫ হাজার (পৌনে দুই লাখ) মেট্রিক টন জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিপুল পরিমাণ জ্বালানি সংগ্রহে সরকারের মোট ব্যয় হবে ১ হাজার ৬৯৮ কোটি ২১ লাখ ৪০ হাজার টাকা।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে উত্থাপিত পৃথক দুটি প্রস্তাবের প্রেক্ষিতে এই তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, আমদানিতব্য এই তেলের মধ্যে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন ডিজেল এবং ২৫ হাজার মেট্রিক টন অকটেন রয়েছে।
মূলত দেশের অভ্যন্তরে জ্বালানি তেলের মজুদ বাড়াতে এবং ক্রমবর্ধমান বিদ্যুৎ সংকট নিরসনে এই জরুরি উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি জ্বালানির অভাবে দেশের অর্ধশত বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় লোডশেডিং পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে, যা কাটিয়ে উঠতেই এই আমদানি।অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, ডিবিএস ট্রেডিং হাউস এফজেডসিও-র কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৭৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল কেনা হবে।
এর মধ্যে ৫০ হাজার মেট্রিক টন উন্নত মানের ডিজেল (EN590-10 PPM) এবং ২৫ হাজার মেট্রিক টন অকটেন (Gasoline 95 Unleaded) রয়েছে। এই চালানের জন্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৩ কোটি ৬১ লাখ ২০ হাজার টাকা। সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করায় জরুরি ভিত্তিতে এই জ্বালানি দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া দ্বিতীয় আরেকটি প্রস্তাবের মাধ্যমে আর্চার এনার্জি এলএলসি-র কাছ থেকে ১ লাখ মেট্রিক টন সালফারযুক্ত ডিজেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। সরাসরি ক্রয় পদ্ধতিতে এই তেল সংগ্রহ করতে ব্যয় হবে ৬৭৪ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকা। অর্থমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীলতা থাকলেও দেশের উৎপাদন ও জীবনযাত্রা সচল রাখতে প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে সরকার কোনো ধরণের আপস করবে না। যথাযথ তদারকির মাধ্যমে দ্রুত এই তেল আমদানির প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন