এপ্রিল ৩০, ২০২৬, ১০:৪৩ এএম
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম নতুন করে বেড়েছে। মধ্যপ্রাচ্য ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক অনিশ্চয়তা এবং ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের আলোচনা থমকে যাওয়ায় এই অস্থিরতা তৈরি হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে জুন মাসে সরবরাহযোগ্য ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়েছে।
বর্তমানে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১১৯.৯৪ ডলারে পৌঁছেছে। জ্বালানি তেলের এই ঊর্ধ্বগতি টানা নবম দিনের মতো অব্যাহত রয়েছে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই তেলের দামও পাল্লা দিয়ে বেড়েছে। বর্তমানে ডব্লিউটিআই তেলের প্রতি ব্যারেলের দাম ১০৭.৫১ ডলারে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে তেলের সরবরাহ সংকটের শঙ্কা তৈরি হয়েছে। মূলত এই আশঙ্কাই বিশ্ববাজারে বাড়তি চাপ তৈরি করছে। বিশেষ করে ইরানের তেল রপ্তানির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আসার সম্ভাবনা এবং সামরিক উত্তেজনার বিষয়টি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এদিকে তেলের বাজারের এই ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের বৈশ্বিক সরবরাহ স্বাভাবিক রাখতে এবং দামের প্রভাব কমাতে তারা নিয়মিত কাজ করছে। বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে এরই মধ্যে বিভিন্ন বড় তেল উৎপাদনকারী কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে মার্কিন প্রশাসন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন