মে ৩, ২০২৬, ১০:০৮ এএম
দেশের বাজারে সবশেষ সমন্বয় অনুযায়ী বাড়তি দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। আজ রোববার (৩ মে) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন বাজারদরে স্বর্ণ বেচাকেনা চলছে। গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় সংগঠনটি স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয়।বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকায় বিক্রি হচ্ছে।
এর আগে ৩০ এপ্রিল সকালেই একবার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে একই দিন সন্ধ্যায় পুনরায় দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় সংগঠনটি, যা শুক্রবার থেকে কার্যকর হয়।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৩ দফায় দাম বাড়ানো হয়েছে এবং ২৭ দফায় কমানো হয়েছে। গত ২০২৫ সালে স্বর্ণের দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।
স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে রুপার দাম বর্তমানে অপরিবর্তিত রয়েছে। বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৪৮২ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় বেচাকেনা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন