বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

পে-স্কেল নিয়ে সুখবর দিল সরকার

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৫, ২০২৬, ১১:৪৯ এএম

পে-স্কেল নিয়ে সুখবর দিল সরকার

নবম পে-স্কেল আসছে

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল তিন ধাপে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পে-স্কেল সংক্রান্ত পুনর্গঠিত কমিটি ইতোমধ্যে এ বিষয়ে সুপারিশ তৈরির কাজ শুরু করেছে। শিগগিরই এই সুপারিশ সরকারের কাছে জমা দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আগামী তিন বছরে ধাপে ধাপে নতুন পে-স্কেল কার্যকর করার প্রস্তাব রাখা হচ্ছে। মূলত অর্থনীতির ওপর চাপ কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।প্রস্তাব অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর করা হতে পারে। 

নতুন বাজেটে বেতন-ভাতা ও পেনশন খাতে অতিরিক্ত ৩৫ থেকে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ বাড়ানোর সুপারিশ করবে অর্থ বিভাগ। প্রথম ধাপে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারিত পে-স্কেলের প্রায় ৩৩ শতাংশ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। অবশিষ্ট মূল বেতন এবং বিভিন্ন ভাতা প্রথম বছরের পরবর্তী দুই অর্থবছরে ধাপে ধাপে কার্যকর করা হবে।

অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পুনর্গঠিত কমিটির প্রথম বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চাপের বিষয়টি বিবেচনা করে কমিটির সদস্যরা ঘোষিত পে-স্কেল বাস্তবায়নের পক্ষে মত দিয়েছেন।চলতি বাজেটে পে-স্কেল বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ রাখা হলেও তা ব্যবহার করা হয়নি। 

আগামী বাজেটে এ খাতে বাড়তি অর্থ বরাদ্দের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বার্ষিক সভা শেষে অর্থমন্ত্রী দেশে ফেরার পর পুনর্গঠিত কমিটি এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে পারে। চূড়ান্ত সিদ্ধান্তের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক করবেন অর্থমন্ত্রী।