বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

আওয়ামী আমলের ডেপুটি গভর্নরকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৪, ২০২৬, ১১:৩১ পিএম

আওয়ামী আমলের ডেপুটি গভর্নরকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ

মো. খুরশীদ আলম।

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলম। রোববার ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান জুবাইদুর রহমান পদত্যাগ করার পরপরই এই নিয়োগ চূড়ান্ত করে কেন্দ্রীয় ব্যাংক। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো চিঠিতে নতুন চেয়ারম্যানের নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

খুরশীদ আলম এর আগে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি তিন বছরের জন্য কেন্দ্রীয় ব্যাংকে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। তবে গত আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। 

দীর্ঘ সময় দায়িত্ব থেকে দূরে থাকার পর এবার তাকে বেসরকারি খাতের এই ব্যাংকটির পরিচালনার দায়িত্ব দেওয়া হলো।ইসলামী ব্যাংকের সার্বিক পরিস্থিতি পুনরুদ্ধারের ক্ষেত্রে এই নিয়োগ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ব্যাংক খাতের চলমান সংকট ও সুশাসনের চ্যালেঞ্জ মোকাবিলাই হবে নতুন চেয়ারম্যানের প্রধান কাজ। জুবাইদুর রহমানের পদত্যাগের ফলে সৃষ্ট শূন্যতা পূরণে কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্ত ব্যাংকটির কার্যক্রমকে নতুন গতি দেবে বলে আশা করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে তিনি নতুন দায়িত্ব গ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।ইসলামী ব্যাংকের নীতিনির্ধারণী পর্যায়ে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলল।