রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হঠাৎ জ্বালানি তেলের দাম কমলো বিশ্ববাজারে

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৬, ২০২৬, ০৮:৪১ পিএম

হঠাৎ জ্বালানি তেলের দাম কমলো বিশ্ববাজারে

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কিছুটা কমায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। শনিবার আন্তর্জাতিক বাজারে তেলের প্রধান সূচকগুলোতে বড় পতন দেখা দিয়েছে। সংঘাত সীমিত হওয়ার সম্ভাবনায় সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা কমেছে, যা বিশ্ববাজারে কিছুটা স্বস্তি ফিরিয়েছে।

হরমুজ প্রণালির উত্তেজনা ঘিরে তেলের বাজার বেশ কিছুদিন ধরে বেশ অস্থির ছিল।মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড তেলের দাম ২ দশমিক ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৫৪ ডলারে নেমে এসেছে। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৯৪ ডলার কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ০৯ ডলারে দাঁড়িয়েছে।

মার্কিন নৌবাহিনী ইরান-সংশ্লিষ্ট একটি সুপারট্যাঙ্কার এম টি ডাভিনা জব্দ করার পর থেকে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিয়ে বাজারে কড়া পর্যবেক্ষণ চলছে।

জাহাজটি ২০ লাখ ব্যারেল তেল ধারণক্ষমতা সম্পন্ন এবং ইরানের জ্বালানি খাতের ওপর আরোপিত নিষেধাজ্ঞার আওতায় রয়েছে বলে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ। জাহাজটি এর আগেও অর্থাৎ ২০২৪ সালেও একবার নিষেধাজ্ঞার তালিকায় ছিল।বড় পরিসরের সংঘাত না হওয়ায় বাজারে তাৎক্ষণিক কোনো বড় ধরনের আতঙ্ক ছড়ায়নি।

হরমুজ প্রণালি ঘিরে চলমান অনিশ্চয়তা ও যুদ্ধবিরতির অভাব বিশ্ব জ্বালানি বাজারকে এখনো অস্থির করে রেখেছে। ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং সরবরাহ শৃঙ্খলের ওপর নির্ভর করছে তেলের ভবিষ্যৎ দাম। সংঘাত তীব্র আকার নিলে সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে এবং তেলের দাম দ্রুত আবারও বাড়তে পারে বলে বিশ্লেষকরা সতর্ক করেছেন। বাজার পরিস্থিতি এখনো সংবেদনশীল অবস্থায় রয়েছে এবং পরিস্থিতির দিকে নজর রাখছেন নীতিনির্ধারকরা।