জুন ৭, ২০২৬, ১১:২৮ পিএম
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দাবি জোরাল হচ্ছে। বাজেটকে ঘিরে যখন রাজস্ব, মূল্যস্ফীতি, বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে আলোচনা চলছে, তখন নীতিনির্ধারক ও শিক্ষাবিদদের একটি বড় অংশ শিক্ষা ও দক্ষতা উন্নয়নকে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির প্রধান ভিত্তি হিসেবে তুলে ধরছেন।
এলডিসি উত্তরণ, কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার, চতুর্থ শিল্পবিপ্লব এবং পরিবর্তিত বৈশ্বিক শ্রমবাজারের বাস্তবতায় শিক্ষা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নকে জাতীয় অর্থনৈতিক কৌশলের কেন্দ্রে আনার আহ্বান তাদের।শিক্ষা খাতকে ব্যয় নয়, বরং দীর্ঘমেয়াদি জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করার উপযুক্ত সময় এখন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন বলেন, আগামী দিনের অর্থনীতিতে প্রতিযোগিতা হবে দক্ষতা, জ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনকে কেন্দ্র করে। ফলে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নকে জাতীয় উন্নয়ন পরিকল্পনার মূল ভিত্তি হিসেবে বিবেচনা করতে হবে।
শুধু অবকাঠামো নির্মাণ বা শিল্প সম্প্রসারণের মাধ্যমে টেকসই অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়। প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি তৈরি ছাড়া বাংলাদেশ বৈশ্বিক প্রতিযোগিতায় কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে পারবে না বলে মনে করেন তিনি।বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ বলেন, উচ্চশিক্ষাকে নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা, উদ্ভাবন এবং জ্ঞানভিত্তিক অর্থনীতির চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে হবে।বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে হলে গবেষণা তহবিল বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং শিল্পখাত অংশীদারিত্ব জোরদার করা জরুরি।
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইকোনমিক রিসার্চের চেয়ারম্যান সাকিফ শামীম বলেন, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাত অর্থনৈতিক রূপান্তরের অন্যতম চালিকাশক্তি। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের কেন্দ্রে থাকা উচিত শিক্ষা।সিএসইআরের বাজেট প্রস্তাবনায় শিক্ষা খাতের বরাদ্দ বর্তমান প্রায় ৯৫ হাজার ৬৪৪ কোটি টাকা থেকে বাড়িয়ে অন্তত ১ লাখ ১৫ হাজার কোটি টাকায় উন্নীত করার সুপারিশ করা হয়েছে। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ্রেন্টিসশিপ কর্মসূচি চালু করার ওপর জোর দেওয়া হয়েছে।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম সিদ্দিকী চিকিৎসা শিক্ষার গুণগত মান, গবেষণা সক্ষমতা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন। তার মতে, মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোকে অধিকতর একাডেমিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসনের আওতায় এনে গবেষণাভিত্তিক অর্থায়ন ও আন্তর্জাতিক অংশীদারিত্ব সম্প্রসারণ করতে হবে।কর্মক্ষমতা-ভিত্তিক মূল্যায়ন এবং স্বচ্ছ প্রশাসনিক কাঠামো নিশ্চিত করা গেলে মেডিকেল শিক্ষা ও গবেষণার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা সম্ভব হবে।
আগামী বিশ বছরের অর্থনীতি টিকিয়ে রাখার প্রশ্নে সাকিফ শামীম বলেন, বাংলাদেশ এখন একটি ঐতিহাসিক রূপান্তরের সময় অতিক্রম করছে। এলডিসি থেকে উত্তরণ, প্রযুক্তিগত বিপ্লব এবং বৈশ্বিক প্রতিযোগিতার নতুন বাস্তবতায় উন্নয়নের পুরোনো সূত্রগুলো আর যথেষ্ট নয়। কেবল অবকাঠামো নির্মাণ কিংবা শিল্পায়নের মাধ্যমে ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব হবে না।ভবিষ্যতের অর্থনীতিতে প্রতিযোগিতা হবে মূলত জ্ঞান, দক্ষতা, গবেষণা ও উদ্ভাবনকে ঘিরে।
সাকিফ শামীম আরও বলেন, জাপান, জার্মানি, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে। এসব দেশে কর্মসংস্থানের সুযোগ পেতে হলে সংশ্লিষ্ট ভাষায় দক্ষতা অপরিহার্য। ভাষা শিক্ষাকে তাই কেবলমাত্র একাডেমিক বিষয় হিসেবে না দেখে অর্থনৈতিক বিনিয়োগ হিসেবে দেখতে হবে।শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, বরাদ্দের কার্যকর ব্যবহারও নিশ্চিত করতে হবে।
আমাদের শিক্ষা খাতের একটি বড় চ্যালেঞ্জ হলো বরাদ্দ এবং ফলাফলের মধ্যে সংযোগের ঘাটতি। ফলাফলভিত্তিক বাজেটিং, ডিজিটাল মনিটরিং, স্বাধীন মূল্যায়ন এবং স্বচ্ছ জবাবদিহিতা ব্যবস্থা চালু করা জরুরি। শিক্ষা খাতে ব্যয় করা প্রতিটি টাকার বিপরীতে কী ধরনের দক্ষতা, কর্মসংস্থান এবং সামাজিক সুফল তৈরি হচ্ছে, তা নিয়মিত মূল্যায়ন করতে হবে।বাংলাদেশের আগামী দুই দশকের অর্থনৈতিক সক্ষমতা নির্ধারিত হবে আজকের শিক্ষা বিনিয়োগের মাধ্যমে। তাই এই বাজেটকে জাতীয় উৎপাদনশীলতা, কর্মসংস্থান ও বৈদেশিক আয় বৃদ্ধির সবচেয়ে শক্তিশালী বিনিয়োগ হিসেবে বিবেচনা করার সময় এসেছে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন