রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জুনের ২৩ দিনেই দেশে এলো ২৭ হাজার কোটি টাকার রেমিট্যান্স

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৪, ২০২৬, ০৬:৩৭ পিএম

জুনের ২৩ দিনেই দেশে এলো ২৭ হাজার কোটি টাকার রেমিট্যান্স

চলতি জুন মাসের প্রথম ২৩ দিনেই দেশে ২২৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি মার্কিন ডলারের বিনিময় মূল্য ১২২ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ২৭ হাজার কোটি টাকারও বেশি। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান প্রবাসীদের পাঠানো এই বৈদেশিক মুদ্রার হালনাগাদ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি মাসে প্রতিদিন গড়ে দেশে ৯ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।গত বছরের জুনের একই সময়ে দেশে ২২০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। অর্থাৎ গত বছরের তুলনায় এবার বছর ব্যবধানে দেশে রেমিট্যান্স আসার গতি বেড়েছে। এর আগে গত মে মাসে দেশে ২৯৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল, দেশীয় মুদ্রায় যার পরিমাণ ছিল প্রায় ৩৬ হাজার ২৩৪ কোটি টাকা। এটি বাংলাদেশের ইতিহাসে একক কোনো মাসে আসা দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ হিসেবে রেকর্ড করা হয়েছে।

সবমিলিয়ে চলতি অর্থবছরের জুলাই থেকে গত ২৩ জুন পর্যন্ত দেশে ৩ হাজার ৪৯৯ কোটি ৫০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে দেশে মোট ২ হাজার ৯৭১ কোটি ৫০ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। এই হিসাবে বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় এবার দেশে সামগ্রিক রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭ দশমিক ৮০ শতাংশ।