রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আজ শনিবার ৪ জেলায় খোলা ব্যাংক

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৮, ২০২৬, ১২:০১ পিএম

আজ শনিবার ৪ জেলায় খোলা ব্যাংক

ছবি - সংগৃহীত

আমের মৌসুমে ব্যবসায়ীদের লেনদেনের সুবিধার্থে রাজশাহী অঞ্চলের চার জেলায় বিশেষ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। শনিবার (১৮ জুলাই) থেকে এই অঞ্চলের নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকের শাখা ও উপশাখা খোলা রাখা হয়েছে।আমের মৌসুমে লেনদেন সচল রাখতেই এই উদ্যোগ।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, চলমান আমের মৌসুমে রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার আমের বাজারসংলগ্ন এলাকাগুলোতে ব্যাংক খোলা থাকবে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সদর, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা এবং নওগাঁর সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন ব্যাংকের শাখা ও উপশাখা এই বিশেষ সুবিধার আওতায় থাকবে।

ব্যবসায়ীদের নগদ অর্থ সংরক্ষণজনিত ঝুঁকি কমাতে এবং অর্থের সরবরাহ নিশ্চিত করতে সাপ্তাহিক ছুটির দিন শনিবারও সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩১ জুলাই পর্যন্ত প্রতি শনিবার এই সময়সূচি বলবৎ থাকবে বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে।

তফসিলি ব্যাংকগুলোকে তাদের নিজ নিজ দায়িত্বে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে এই সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। রাজশাহী অঞ্চলের আমের বাজারগুলোতে লেনদেনের গতি বজায় রাখতে এবং ব্যবসায়ীদের হয়রানি কমাতে এই পদক্ষেপ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।