রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৯, ২০২৬, ১১:১৮ পিএম

১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

প্রায় সতেরো হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল আমদানির একটি প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সরকারি দ্বিপক্ষীয় চুক্তির আওতায় চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ের জন্য এই তেল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৩তম সভা অনুষ্ঠিত হয়। 

ওই সভায় জ্বালানি তেল আমদানির এই গুরুত্বপূর্ণ প্রস্তাবসহ বিভিন্ন উন্নয়ন ও অবকাঠামো-সংক্রান্ত কয়েকটি ক্রয় প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়।মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে নির্ধারিত প্রিমিয়াম, আমদানির পরিমাণ এবং প্রচলিত সূচক মূল্য বিবেচনা করে ছয়টি রাষ্ট্রীয় মালিকানাধীন বিদেশি প্রতিষ্ঠানের কাছ থেকে পরিশোধিত তেল আমদানির প্রস্তাব উপস্থাপন করা হয়। প্রস্তাব অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের ইএনওসি, চীনের পেট্রোচায়না ও ইউনিপেক, ভারতের ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড, থাইল্যান্ডের ওকিউটি এবং ইন্দোনেশিয়ার বিএসপি থেকে এই জ্বালানি তেল সংগ্রহ করা হবে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন বিদ্যালয়-কাম-বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং শিল্প মন্ত্রণালয়ের সার বাফার গুদাম নির্মাণের বিভিন্ন প্রকল্পেও আর্থিক অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের বিদ্যুৎ ক্রয়ের সমন্বিত ট্যারিফ এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের আওতাধীন মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বিভিন্ন অবকাঠামো ও পরামর্শক সেবার মেয়াদ বৃদ্ধির প্রস্তাবও অনুমোদনের সুপারিশ করা হয়।