বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বৃদ্ধি

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৪, ২০২৬, ১১:২৯ এএম

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বৃদ্ধি

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

ইরানকে কেন্দ্র করে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। দেশটির ওপর সম্ভাব্য নৌ অবরোধ অনির্দিষ্টকাল অব্যাহত রাখার বিষয়ে বার্তা আসার পর বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড ও যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই উভয় ধরনের তেলের দামেই ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে নয় সেন্ট।

সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম শূন্য দশমিক এক শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ১৬ ডলারে পৌঁছেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে ব্যবহৃত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম চার সেন্ট বেড়ে ৮১ দশমিক ২৯ ডলারে দাঁড়িয়েছে। চলতি সপ্তাহে বিশ্বব্যাপী চাহিদায় কিছুটা পরিবর্তনের আশঙ্কা থাকলেও সার্বিকভাবে উভয় বেঞ্চমার্কেই দর প্রায় চার শতাংশ বৃদ্ধির পথে রয়েছে।

জ্বালানি বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ইরানের আধাসামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের বক্তব্যের পর সরবরাহ ঝুঁকি আরও ঘনীভূত হয়েছে। এই গুরুত্বপূর্ণ নৌপথে সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে তেল পরিবহনে বড় ধরনের সংকট তৈরি হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষকরা।

তবে এই মূল্যবৃদ্ধির বিপরীতে আন্তর্জাতিক কয়েকটি সংস্থার পূর্বাভাসে বিশ্ববাজারে সার্বিক তেলের চাহিদা বৃদ্ধির গতি কিছুটা শ্লথ হওয়ার ইঙ্গিত রয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে সম্প্রতি অপরিশোধিত তেলের মজুত উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাওয়ার তথ্যও প্রকাশ পেয়েছে।সরবরাহের ঝুঁকি ও চাহিদার এই বিপরীতমুখী প্রবণতার মধ্যেই বিশ্ববাজারে জ্বালানি তেলের লেনদেন চলছে।