সেপ্টেম্বর ৭, ২০২৬, ১১:৫২ এএম
দেশে ক্রস বর্ডার লেনদেন বা আন্তঃসীমান্ত অর্থ স্থানান্তর সহজ করতে পেপ্যালের মতো শীর্ষ আন্তর্জাতিক পেমেন্ট প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত জুলাই মাসে আন্তর্জাতিক ডিজিটাল মাধ্যমের সাহায্যে দেশে অর্থ আনা ও বিদেশি পেমেন্টের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর এই কার্যকর পদক্ষেপ নেওয়া হলো। পেপ্যালের পাশাপাশি স্ট্রাইপ এবং ওয়াইজের মতো বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গেও ইতোমধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এসব প্রতিষ্ঠান বাংলাদেশে সফলভাবে কার্যক্রম শুরু করলে লেনদেনের বাজারের আকার তিনশত কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় কন্টেন্ট তৈরি, গ্রাফিক্স ডিজাইন বা সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ সহজ হলেও সরাসরি পেমেন্ট গেটওয়ে না থাকায় ফ্রিল্যান্সাররা আর্থিক লেনদেনে সমস্যায় পড়ছেন। পেওনিয়ার বা ওয়েস্টার্ন ইউনিয়নের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে অর্থ আনলেও সেখানে খরচ তুলনামূলক বেশি হয়।
নতুন এই উদ্যোগে বিদেশ থেকে টাকা আনার পাশাপাশি ডিজিটাল ওয়ালেট থেকে বিদেশে সরাসরি অর্থ পরিশোধও করা যাবে। সরাসরি ওয়ালেট সার্ভিসের লেনদেন সচরাচর নিরীক্ষা করার সুযোগ না থাকলেও নতুন প্রক্রিয়ায় ডিজিটাল অ্যাকাউন্ট দেশের অনুমোদিত ডিলার ব্যাংকের কাছে প্রতিচ্ছবি হিসেবে থাকায় অর্থপাচারের ঝুঁকি অনেকাংশে কমে আসবে।
ফ্রিল্যান্সারদের পাশাপাশি ই-কমার্স ব্যবসায়ী, রপ্তানিকারক ও সাধারণ মানুষও এই সেবার আওতায় সুবিধা পাবেন। শিক্ষা ও চিকিৎসার খরচ পরিশোধের ক্ষেত্রে সনাতন ক্রেডিট কার্ডের বিকল্প হিসেবে গুগল পে বা পেপ্যাল ব্যবহার করা যাবে এবং ট্যুর অপারেটররাও বিদেশ ভ্রমণের প্যাকেজ বিক্রি করতে পারবেন। কার্যক্রমের শুরুতে লেনদেনের কোনো নির্দিষ্ট সীমা বেঁধে না দিয়ে গতি সঞ্চারের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক, তবে অপব্যবহার রোধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
বিশেষজ্ঞরা বলছেন, পেপ্যালের উপস্থিতি বহির্বিশ্বে বাংলাদেশের ব্র্যান্ডিং বাড়াবে এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা তৈরি করবে। আন্তর্জাতিক প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে ইচ্ছুক ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে কারিগরি ও নিরাপত্তা অবকাঠামোর চূড়ান্ত ছাড়পত্র নিতে হবে এবং সন্দেহভাজন লেনদেনের প্রতিবেদন জমা দিতে হবে বলে দিনাজপুর টিভি ডট কম ডেস্কের সংগৃহীত তথ্যানুযায়ী জানা গেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন