রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,

গ্যাস সিলিন্ডারে অনিয়মে ১৬ জেলায় ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩, ২০২৬, ১১:০৫ পিএম

গ্যাস সিলিন্ডারে অনিয়মে ১৬ জেলায় ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে রাজধানী ঢাকা সহ দেশের ১৬টি জেলায় একযোগে বিশেষ বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার দিনব্যাপী পরিচালিত এই সাঁড়াশি অভিযানে মূল্য তালিকা না থাকা, অতিরিক্ত মূল্য আদায় ও নিরাপত্তা বিধি লঙ্ঘনের দায়ে ৩৯টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বাজারে নিত্যপ্রয়োজনীয় জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে এই কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়। অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, শনিবার সকাল থেকে অধিদপ্তরের মোট ২৩টি বিশেষ দল ডিলার, পাইকারি ও খুচরা পর্যায়ের গ্যাস সিলিন্ডার বিপণনকারী প্রতিষ্ঠানে একযোগে এই তদারকি কার্যক্রম চালায়। অভিযানে ব্যবসায়ীদের দোকানে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, কেনাবেচার ক্যাশ ভাউচার যথাযথভাবে সংরক্ষণ ও গ্রাহককে তা প্রদান, নির্ধারিত সিলিন্ডারের নিরাপত্তা বিধি প্রতিপালন এবং মেয়াদোত্তীর্ণ বা ঝুঁকিপূর্ণ সিলিন্ডার বিক্রি করা হচ্ছে কি না তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।

একই সঙ্গে অসাধু ব্যবসায়ীদের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি, অবৈধভাবে অতিরিক্ত মজুত গড়ে তোলা এবং গ্যাস সরবরাহের স্বাভাবিক শৃঙ্খলে কোনো প্রকার প্রতিবন্ধকতা তৈরি থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা জারি করেছে সংস্থাটি। অধিদপ্তর সাধারণ ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, যেকোনো গ্যাস সিলিন্ডার কেনার আগে তার ওজন, মুখবন্ধ সিল, উৎপাদন ও মেয়াদের তারিখ এবং বাহ্যিক কোনো গুরুতর ত্রুটি রয়েছে কি না তা ভালোভাবে পরীক্ষা করে নিতে হবে। 

এছাড়া দোকানে টাঙানো সরকারি মূল্যতালিকার সাথে বিক্রয়মূল্য মিলিয়ে দেখা এবং লেনদেনের প্রমাণ হিসেবে ক্যাশ মেমো বা রসিদ সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে। গ্যাস সিলিন্ডার কেনাবেচায় কোনো প্রকার অতিরিক্ত অর্থ আদায় বা অনিয়ম নজরে এলে তাৎক্ষণিকভাবে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সার্বক্ষণিক হটলাইন নম্বর ১৬১২১-এ কল করে অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। বাজারে শৃঙ্খলা ও পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশজুড়ে এই তদারকি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।