অক্টোবর ৫, ২০২৫, ১০:২৩ পিএম
দুর্গাপূজার ছুটি ও টানা বৃষ্টির কারণে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকা কাঁচা মরিচের দামে অবশেষে স্বস্তি ফিরেছে। ছুটি শেষে স্থলবন্দরগুলো দিয়ে ভারত থেকে আমদানি শুরু হওয়ায় মাত্র একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে। শনিবারও যে মরিচ রাজধানীর বাজারগুলোতে ৩০০ থেকে ৩২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, রোববার তা ১৪০ থেকে ১৬০ টাকায় নেমে আসে।
রোববার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে দেখা যায়, বিক্রেতারা প্রতি কেজি কাঁচা মরিচ ১৪০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি করছেন। অথচ একদিন আগেই শনিবার এই বাজারেই দাম ছিল দ্বিগুণেরও বেশি। বিক্রেতারা বলছেন, দুর্গাপূজার ছুটির পর হিলি ও বেনাপোলের মতো স্থলবন্দরগুলো দিয়ে ভারতীয় কাঁচা মরিচের ট্রাক প্রবেশ শুরু করায় বাজারে সরবরাহ বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে দামে।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, শনিবার থেকে কাঁচা মরিচ বোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। এর ফলে স্থানীয় পাইকারি বাজারে কেজিপ্রতি দাম প্রায় ১০০ টাকা কমে গেছে। হিলি বন্দরের কাস্টমস বিভাগ জানায়, শনি ও রোববার মিলিয়ে আটটি ট্রাকে প্রায় ৬০ টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে এবং পচনশীল পণ্য হওয়ায় এগুলো দ্রুত খালাসের ব্যবস্থা করা হচ্ছে।
আমদানিকারকরা বলছেন, টানা আট দিন আমদানি বন্ধ থাকায় দেশে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। আমদানি বাড়লে দাম আরও কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন। তবে বেনাপোলের আমদানিকারকরা অভিযোগ করেন, বন্দর থেকে ৮০ টাকা কেজিতে মরিচ ছাড় পেলেও মধ্যস্বত্ত্বভোগীদের কারসাজির কারণে ঢাকার বাজারে দাম অনেক বেড়ে যায়। তারা বাজারে সরকারের মনিটরিং জোরদার করার দাবি জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন